ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১
ছুরিকাঘাতে অটোরিকশা ব্যবসায়ীর টাকা ছিনতাই
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মৈকুলি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী দিপু জানান, লেগুনাটি যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার পাঁচ-সাতজন যাত্রী আহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: ফারুক বলেন, ওই ব্যক্তির লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আহত আরেকজনকে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজার এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে নুর আলম (২৬) নামে এক অটোরিকশা ব্যবসায়ীর কাছে থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনার পর গতকাল গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ভাই রায়হান জানান, নুর আলম অটোরিকশার ব্যাটারি কেনার জন্য কমলাপুর যাচ্ছিল। আলিনগর মাছের বাজারে এলাকায় চার-পাঁচজন আমার ভাইকে গতিরোধ করে কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনতায়ের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাইর বাম পায়ে ও পেছনে চুরিকাঘাত করে কাছে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে খবর পেয়ে আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যালে নিয়ে এসেছি।