স্বামী নিখোঁজ দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় নার্গিস
Printed Edition
মুহাম্মদ হানিফ ভুঁইয়া নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের বাসিন্দা নার্গিস আক্তার দুই সন্তানকে নিয়ে চরম আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন। তার স্বামী মো: মাসুদ প্রায় ছয় বছর ধরে তাদের কোনো খোঁজখবর বা ভরণ-পোষণের দায়িত্ব নিচ্ছেন না।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ২০১৬ সালে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো: মাসুদের সাথে নার্গিসের বিয়ে হয়। তাদের দুই ছেলে আবদুল্লাহ (৯) ও আবদুর রহমানের (৬) জন্মের পর ২০২০ সালে ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেন স্বামী। নার্গিসের দাবি, তিনি রাজি না হওয়ায় তাকে দুই সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেন স্বামী মাসুদ। এরপর থেকে মাসুদ আর তাদের খোঁজ নেননি।
বর্তমানে নার্গিস স্থানীয় একটি প্রতিষ্ঠানের অধীনে নারীদের কুরআন শিক্ষা দিচ্ছেন। এতে তিনি মাসে মাত্র তিন হাজার টাকা বেতন পান। ওই সামান্য আয়েই দুই সন্তানের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে হয় নার্গিসকে। বর্তমানে বাবার একটি পুরনো ছোট ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি।
এ দিকে একটি ঘর নির্মাণ করে বসবাসের জন্য নার্গিসের বাবা তাকে তিন শতক জমি লিখে দেন। কিন্তু এই ঘর নির্মাণ করার জন্য অর্থ নেই নার্গিসের কাছে। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাকে সহযোগিতা করার জন্য ০১৮২৭৩২৭৯৩২ (বিকাশ)-এই ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে।