ফাইনালে নতুন বল উন্মোচন
Printed Edition
ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য বিশেষ সংস্করণের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে অ্যাডিডাস। নতুন এই বলটি উন্মোচন করেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং স্পেনের লামিনে ইয়ামাল।
গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্যবহৃত ‘ট্রিওন্ডা’ বলের নকশায় ছিল স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রতীকী রঙ ও চিহ্ন। তবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বলটিকে নতুনভাবে সাজানো হয়েছে। এবার এর মূল আকর্ষণ সোনালি রঙের নকশা, যা বিশ্বকাপ ট্রফির অনুপ্রেরণায় তৈরি।
নতুন বলে সেমিফাইনাল ও ফাইনাল আয়োজক শহরগুলোর নামও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ডালাস, আটলান্টা, মিয়ামি এবং নিউইয়র্ক/নিউ জার্সির নাম সোনালি অক্ষরে লেখা হয়েছে। এ ছাড়া টুর্নামেন্টের আগের পর্বগুলোর ম্যাচ আয়োজক শহরগুলোর নামও পটভূমির নকশায় যুক্ত করা হয়েছে।
অ্যাডিডাস জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টের শেষ পর্যায়ের জন্য ম্যাচ বলের নকশায় এত বড় পরিবর্তন আনা হয়েছে। আগে কেবল রঙে সামান্য পরিবর্তন করা হলেও এবার সম্পূর্ণ নতুন ভিজ্যুয়াল ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ দিকে মেসি, বেলিংহাম ও ইয়ামাল নতুন বলের সাথে ছবি তুললেও এটি দিয়ে খেলতে হলে তাদের নিজ নিজ দলকে আগে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠতে হবে। ফলে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বল মাঠে ব্যবহারের সুযোগ এখনো নির্ভর করছে তাদের দলের পারফরম্যান্সের ওপর।