নেইমারকে খেলা চালিয়ে যেতে বললেন তার বাবা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ফুটবল ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এমন পরিস্থিতিতে ছেলেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা নেইমার সান্তোস সিনিয়র। ইনস্টাগ্রামে প্রকাশিত এক দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘বাবা হিসেবে তোমার কাছে আমার একটি অনুরোধ ফুটবল খেলা চালিয়ে যাও। আবারো বল পায়ে নিয়ে আনন্দ খুঁজে নাও, মাঠে হাসো এবং মানুষকে আনন্দ দাও।’
তিনি স্মরণ করেন, ছোটবেলা থেকেই নেইমারের মধ্যে অসাধারণ প্রতিভা ও বিশেষ উদ্দেশ্য দেখেছিলেন। জীবনের প্রতিটি সাফল্য ও কঠিন সময়ে ঈশ্বর তাদের পথ দেখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নেইমারের বাবা লেখেন, ‘পেছনে তাকালে আমি শুধু ট্রফি, গোল বা খ্যাতি দেখি না। আমি দেখি অলৌকিক ঘটনা, প্রতিশ্রুতি পূরণ এবং এমন এক বিশ্বস্ত সৃষ্টিকর্তাকে, যিনি কখনো আমাদের ছেড়ে যাননি।’
ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আগামীকালকে ভয় পেয়ো না। আজকের দিনটা উপভোগ করো।’
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।