আপিলের কথা ভাবছে ইংল্যান্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের ডিফেন্ডার জারেল কুয়ানসাহর লাল কার্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার বিষয়টি বিবেচনা করছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। মেক্সিকোর বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের ম্যাচে ৫৪তম মিনিটে হেসুস গালিয়ার্দোর ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।
রেফারি ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করায় বায়ার লেভারকুসেনের এই ডিফেন্ডার দুই ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। তবে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নজিরের পর এফএও নিজেদের বিকল্প নিয়ে ভাবছে।
বালোগুন বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা বিষয়টি পুনর্বিবেচনা করে এবং বিতর্কিতভাবে তার নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে। ফিফা তাদের নিয়মের ২৭ নম্বর ধারা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেয়, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনো প্রয়োগ করা হয়নি।
ফিফার এই সিদ্ধান্তের পর ইউরোপীয় ফুটবল মহল, বেলজিয়াম এবং ইংল্যান্ড কোচ থমাস টুখেল তীব্র সমালোচনা করেন। এ দিকে সংবাদমাধ্যমের দাবি, ফ্রান্সও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল অলিসের হলুদ কার্ডের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। কুয়ানসাহর ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না বলে দাবি ওঠলেও ফুটবলের বর্তমান আইনে খেলোয়াড়ের উদ্দেশের চেয়ে ট্যাকলের ফলাফলকেই বেশি গুরুত্ব দেয়া হয়।