না ফেরার দেশে শাপুর জাদরান
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিরল এক রোগে (হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর দিল্লির এক হাসপাতালে মারা গেলেন আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ এবং সাবেক পেসার শাপুর জাদরান। আজই ৩৯ বছরে পদার্পণ করতেন আফগানদের এই তারকা পেসার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে আফগান ক্রিকেটে নেমে আসে এক শোকের ছায়া।
জাদরান চলতি বছরের জানুয়ারি মাস থেকে নয়াদিল্লির একটি হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন ছিলেন। গত বছরের অক্টোবরে নিজ দেশে প্রথম অসুস্থ বোধ করার পর তার ভাই গামাই জাদরান ও সাবেক অধিনায়ক আসগর আফগান তার সাথে ভারতে এসেছিলেন। কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে হোটেলে স্থানান্তর করা হয়। তিন সপ্তাহ সুস্থ থাকার পর শাপুর জাদরানের শরীরে আবার মারাত্মক ইনফেকশন ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় আইসিইউতে নেয়া হলে ৩৯তম জন্মদিনের এক দিন আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পথিকৃৎ পেসার ছিলেন জাদরান। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক ওয়ানডে ও টি-২০ আন্তর্জাতিক উভয় সংস্করণেই প্রতিনিধিত্ব করেছেন এবং গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন।
২০২৫ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শাপুর জাদরান। এতে দীর্ঘ ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি হয়। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার দেশের হয়ে ৪৪টি ওডিআই এবং ৩৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২০২০ সালে তিনি নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যান। ২০২২ সালে ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলেন।