অর্জন নিয়ে গর্বিত রোনালদো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পর্তুগাল, আর ম্যাচ শেষে ৪১ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে বিশ্বকাপ ট্রফি অধরা থাকলেও জাতীয় দলের হয়ে নিজের অবদান নিয়ে গর্ব প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’

রোনালদোর নেতৃত্বে পর্তুগাল ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে। এরপর ২০১৯ ও ২০২৫ সালে জয় করে উয়েফা নেশনস লিগের শিরোপা। তার মতে, ২০১৬ সালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান মর্যাদার।

তিনি বলেন, ‘আমার কাছে ২০১৬ সালের ইউরো শিরোপার মূল্য বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন সারাজীবন আমার সাথে থাকবে। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।’

শেষ বিশ্বকাপ খেলার বিষয়টি আবারো নিশ্চিত করে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাব। আমি বিবেকের কাছে নির্ভার, কারণ মাঠে সবসময় নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি।’ বিদায়ের আক্ষেপও লুকাননি পর্তুগিজ মহাতারকা। তিনি স্বীকার করেন, এভাবে বিশ্বকাপ শেষ হওয়াটা কষ্টের।