কুমিল্লা ৪ ও ৫ আসনে ভোটের হাওয়া
বিএনপিতে দৌড়ঝাঁপ, প্রচারে ব্যস্ত জামায়াত, আলোচনায় হাসনাত
মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিএনপি প্রার্থীদের মধ্যে। জামায়াতে ইসলামীর প্রার্থীরা আগেই মাঠে নেমে গেছেন। একই সাথে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন হাসনাত আবদুল্লাহ।
স্থান
কুমিল্লা
Printed Edition
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) এবং কুমিল্লা-৫ (ব্রাহ্মনপাড়া-বুড়িচং) আসন দু’টিতে মনোয়ন চূড়ান্ত না হওয়ায় বিপাকে পড়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিএনপি প্রার্থীদের মধ্যে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা আগেই মাঠে নেমে গেছেন, সংগঠিত প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। একই সাথে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে চমক দেখাতে পারেন। জাতীয় নির্বাচনের দিন তারিখ চূড়ান্ত না হলেও নির্বাচনী মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) : দেবিদ্বার পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনটিতে বিএনপি-এনসিপি এবং জামায়াতের মধ্যে ত্রিমুখী ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আসন থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, জামায়াতের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজবীউল আহসান মুন্সি। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা মজিবুর রহমান ফরাজী নির্বাচনী মাঠে বেশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ আসনে হেভিওয়েট প্রার্থী চারবারের এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। আসনটিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া হাসনাত আবদুল্লাহ চমক দেখাতে পারেন। জুলাই বিপ্লবের পর তিনি এলাকায় বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নানা সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা।
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) : ব্রাহ্মণপাড়ার আট ইউনিয়ন ও বুড়িচংয়ের ৯ ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসন। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু না হলেও এরইমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে ছুটতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনী এলাকায় পাঁচজন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীতার জানান দিচ্ছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির তিনজন, জামায়াতের একজন এবং এবি পার্টির একজন।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ-আল-মামুন। জামায়াত থেকে প্রার্থী মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসাইন। অন্যদিকে এবি পার্টি থেকে প্রচার প্রচারণা চালাচ্ছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
এ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর মোবারক হোসাইন আগে থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ায় গণ-সংযোগ, প্রচারণা, লিফলেট বিতরণের মধ্যদিয়ে ভোটারদের কাছে টানতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমান ২০০৩ ভারেল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বুড়িচং উপজেলা পরিষদের দু’বার চেয়ারম্যান নির্বাচিত হন।