রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু
Printed Edition
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট উপজেলায় বৈদ্যুতিক তারে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তার শ্বশুরও। শুক্রবার দুপুরে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তানিয়া বেগম (২৫) ও তার শ্বশুর শমসের আলী (৬০)। তানিয়া ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেয়া হয়। শুক্রবার বেলা ১টার দিকে তানিয়া ওই তারে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।