উত্তরাখণ্ডে পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে ৭ শ্রমিকের মৃত্যু
Printed Edition
টাইমস অব ইন্ডিয়া
ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকার মায়াপুরে নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে অন্তত সাতজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দু’জন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ভূমিধসের কারণে নির্মাণাধীন টানেলের অভ্যন্তরে হঠাৎ একটি গর্ত তৈরি হলে তীব্র গতিতে পানি ও ধ্বংসাবশেষ ভেতরে প্রবেশ করে। অলকানন্দা নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘টিএইচডিসি ইন্ডিয়া’ বাস্তবায়নাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের ওই সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে মোট ২২ জন কর্মী কাজ করছিলেন। হঠাৎ ভূমিধস ও পানির তীব্র স্রোতে সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়লে তারা সবাই ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সর্বশেষ তথ্যানুযায়ী, সুড়ঙ্গ থেকে ১৪ জন শ্রমিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।