সাতক্ষীরায় সাবেক সেটেলমেন্ট অফিসারের বিরুদ্ধে দুদকের মামলা
Printed Edition
সাতক্ষীরা প্রতিনিধি
ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি এবং দুর্নীতির মাধ্যমে ভূমির রেকর্ড সংশোধনে অনিয়মের অভিযোগে সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার ও আপিল অফিসার গাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত থাকাকালে তিনি এসব দুর্নীতি অনিয়ম জালিয়াতিতে জড়ান। গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার উপ-সহকারী পরিচালক মহসীন আলী বাদি হয়ে খুলনায় মামলাগুলো দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গাজী মনিরুজ্জামান শ্যামনগরে কর্মরত থাকাকালে বিভিন্ন মৌজায় আইনের তোয়াক্কা না করে একাধিক অনিয়ম করেছেন। তার বিরুদ্ধে আনীত প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে, আপিল কেসে নিয়মবহির্ভূতভাবে শুনানি গ্রহণ এবং রায় প্রদান। একটি আপিল কেসে বিধি লঙ্ঘন করে মোর্তজা কামাল নামক এক ব্যক্তিকে আপিলকারী হিসেবে পক্ষভুক্ত করা। একাধিক আপিল কেস নিষ্পত্তিতে জাবেদা নকল সরবরাহ রেজিস্টার (সিপি রেজিস্টার) ঘষামাজা, কাটাকাটি ও টেম্পারিং করা। প্রতারণা, ভিন্ন মৌজার আপত্তির দরখাস্তের বিপরীতে সংশ্লিষ্ট মৌজার নকল সরবরাহ দেখিয়ে ভুয়া সিপি নম্বর ব্যবহার করে সরকারের রেকর্ড জালিয়াতি।
অভিযোগের ভিত্তিতে মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক সূত্র জানায়, গাজী মনিরুজ্জামানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। একই সাথে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে জালিয়াতি ও দুর্নীতির সাথে অন্য কোনো কর্মকর্তা বা ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় শ্যামনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে প্রমাণিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনায় সমন্বিত জেলা কার্যালয় খুলনাতে মামলা দায়ের করা হয়েছে।