রামপালে ২ হাজার অসহায় মানুষের মধ্যে বিআইএফপিসিএলের কম্বল বিতরণ

Printed Edition

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উদ্যোগে এবং বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত মঙ্গলবার বিকেলে রামপালের তিনটি ইউনিয়নে দুই হাজার শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে একযোগে এই শীতবস্ত্র বিতরণকার্যক্রম সম্পন্ন হয়।

বিআইএফপিসিএলের প্রকল্প পরিচালক রামানাথ পূজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। এ ছাড়াও বিআইএফপিসিএলের চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। বিআইএফপিসিএল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে। মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা বিআইএফপিসিএল ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল পাওয়ার প্ল্যান্ট) দেশের বিদ্যুৎ খাতের অন্যতম প্রধান স্তম্ভ। বিগত নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ মাসে এটি দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে। কেন্দ্রটি বর্তমানে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্নভাবে ৮-১১ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে।

বিআইএফপিসিএল কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং শিক্ষাসহায়তা, সুপেয় পানির ব্যবস্থা, হুইল চেয়ার বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে নিয়মিতভাবে স্থানীয় জনগণের সেবা করে আসছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিগত কয়েক বছরে তারা মোট ঊনিশ হাজার কম্বল বিতরণ করেছে এবং আজ নতুন করে আরো দুই হাজার কম্বল বিতরণ করা হলো, যা শীতার্ত মানুষের প্রতি তাদের দীর্ঘদিনের সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন। বিজ্ঞপ্তি।