ট্রাব আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী-জুয়েল আইচ

বশির আহমেদকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

Printed Edition
3rd-5
ট্রাব আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী-জুয়েল আইচ

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘৩৬তম ট্রাব বিজনেস, সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। এবারের আসরে বরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচকে ‘আজীবন সম্মাননা’ এবং মরহু সঙ্গীতশিল্পী বশির আহমেদকে ‘মরণোত্তর সম্মাননা’য় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি।

মরণোত্তর সম্মাননা : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদ ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ওস্তাদ বেলায়েত হোসেন ও ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ’র কাছে সঙ্গীতের তালিম নেয়া বশির আহমেদ ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। তার গাওয়া ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি কালজয়ী জনপ্রিয়তা পায়। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৫ সালে তিনি একুশে পদক লাভ করেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল বরেণ্য এই শিল্পী মৃত্যুবরণ করেন।

আজীবন সম্মাননা : সঙ্গীতের কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ষাটের দশক থেকে চলচ্চিত্রে গান গেয়ে আসা এই শিল্পী ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’সহ একাধিক সিনেমার গানে কণ্ঠ দিয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘আউল-বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন এলোরে’ বা ‘সখি চলনা’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী একুশে পদকেও ভূষিত হয়েছেন। শিক্ষকতা ও প্রযোজনা পেশার পাশাপাশি রবীন্দ্র সঙ্গীতেও তার বিচরণ প্রশংসিত।

অন্য দিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচের জন্ম বরিশালে। ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেয়া এই শিল্পী ১৯৭২ সালে প্রথম মঞ্চে জাদু প্রদর্শন করেন। ‘বেস্ট ম্যাজিশিয়ান অব দ্যা ইয়ার’ (যুক্তরাষ্ট্র)সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারজয়ী জুয়েল আইচ সমাজসেবা ও শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেছেন। জাদুর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় ট্রাব তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করছে।

ট্রাব-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির এই আয়োজনে অর্থ, শিল্প, বাণিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হবে। পুরস্কার বিতরণের পাশাপাশি দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে একটি জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিজ্ঞপ্তি