খালেদা জিয়ার পক্ষে পুরস্কার নিলেন ব্যারিস্টার জাইমা রহমান
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। যুক্তরাজ্যে প্রশিক্ষিত আইনজীবী জাইমা রহমান গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরো পাঁচজনকে তাদের দৃঢ়তা ও অর্জনের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা: ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা: শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন, এমন নারী ক্যাটাগরিতে মোছা: আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।