বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান : জাকির হোসেন চৌধুরীকে অপসারণ

Printed Edition
bangladesh
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান : জাকির হোসেন চৌধুরীকে অপসারণ

বিশেষ সংবাদদাতা

ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে অপসরণ করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: আনিছুর রহমানকে সরকার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়। গতকাল এ বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেছে।

মো: আনিছুর রহমান দক্ষ ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংকে পরিচিত। তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে পরিসংখ্যান বিভাগ, মুদ্রানীতি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে (কেন্দ্রীয় ঋণ তথ্য বিভাগ) অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিনিয়োগ বোর্ডে (হালে বিডা) সাত বছর দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই বেসরকারি খাতে বিদেশী বিনিয়োগের পথ প্রসারিত হয় বলে জানা গেছে।

এর আগে ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। গতকাল তার চুক্তির মেয়াদ বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার সহকর্মীরা জানিয়েছেন, জাকির হোসেন চৌধুরী ব্যাংকিং খাতে লুটপাটে অভিযুক্ত এস আলমের ভাগ্নি জামাই হিসেবে নিজেই পরিচয় দিতেন। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলমের ব্যাংক লুটের সহযোগী কিছু বিতর্কিত কর্মকর্তাকে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিটসহ (বিএফআইইউ) বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে পদায়ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি এস আলমসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করছিলেন এমন কিছু কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।