যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৪
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর সংঘাত কিছুটা কমে এলেও দক্ষিণ লেবাননে আবারো প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ এলাকায় একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ ড্রোন হামলার ঘটনা।
এই প্রাণঘাতী হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ড্রোন হামলার এই খবরের সত্যতা তারা যাচাই করে দেখছে। গত ২ মার্চ মার্কিন ও ইসরাইলি যৌথ আক্রমণের শিকার হয় ইরান। এর পরপরই তেহরান-সমর্থিত শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করলে এই যুদ্ধের সূত্রপাত হয়। দীর্ঘ এই সংঘাতের একপর্যায়ে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি বিস্তীর্ণ অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। অবশ্য গত মাসে দুই পক্ষের মধ্যকার শত্রুতার তীব্রতা কিছুটা কমে এসেছিল। ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনায় লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে ইরান শুরু থেকেই অনড় অবস্থান নেয়। অন্য দিকে হোয়াইট হাউজের অনুরোধে ইসরাইলও লেবাননে তাদের হামলার গতি ও পরিধি অনেকটাই কমিয়ে এনেছিল। উল্লেখ্য, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রধান শর্তই ছিল, উভয় দেশ এবং তাদের সমস্ত মিত্রদের লেবাননসহ সব কটি যুদ্ধক্ষেত্রে অনতিবিলম্বে সব ধরনের সামরিক অভিযান ও হামলা বন্ধ করতে হবে। সেই চুক্তির মধ্যেই ইসরাইলের এই নতুন ড্রোন হামলা পুরো পরিস্থিতিকে আবারো উত্তপ্ত করে তুলল।