হাউছিদের হামলায় ১৪ ইয়েমেনি সেনা নিহত
Printed Edition
এএফপি
ইয়েমেনের কৌশলগত হোদেইদাহ বন্দরনগরীর দক্ষিণাঞ্চলীয় হাইস এলাকায় হাউছি বিদ্রোহীদের আকস্মিক হামলা প্রতিহত করতে গিয়ে সরকারি বাহিনীর অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন। তিনি জানান, গত শনিবার ভোর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সরকারি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে হাউছি বিদ্রোহীদের পক্ষেও বেশ কয়েকজন হতাহত হলেও তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। রাজধানী সানা এবং লোহিত সাগরের কৌশলগত পশ্চিম উপকূলীয় হোদেইদাহ বন্দরসহ দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা বর্তমানে হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে। বিপরীতে, আন্তর্জাতিক মহলে স্বীকৃত ইয়েমেন সরকার মূলত দক্ষিণাঞ্চল শাসন করছে। দীর্ঘ এক দশকের এই গৃহযুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণহানি ও চরম মানবিক বিপর্যয়ের পর, ২০২২ সালে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে বড় ধরনের সঙ্ঘাত মূলত বন্ধ ছিল।
তবে সম্প্রতি ইয়েমেন সরকারের প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরবের বিরুদ্ধে একটি ইরানি বিমান অবতরণে বাধা দেয়ার অভিযোগ এনেছে হাউছিরা। এর জেরে গত শুক্রবার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী ইরানি ‘প্রতিরোধ অক্ষের’ অন্যতম শরিক এই গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নতুন করে হামলার হুমকি দেয়ায় এই অঞ্চলে আবার উত্তেজনা দেখা দিয়েছে।