পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন
শেষ দফার ভোট আজ ফল জানা যাবে ৪ মে
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ আজ বুধবার। সাত জেলার ১৪২ আসনে ভোট নেওয়া হবে। এ ভোট শুরু হবে স্থানীয় সময় সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
দ্বিতীয় দফায় মোট ভোটার ৩ কোটি ২১ লাখের কিছু বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭৯২ জন। ভোটগ্রহণে কেন্দ্র খোলা হয়েছে ৪১ হাজার ১টি। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই থাকছে ওয়েব কাস্টিং ব্যবস্থা।
ভোট নেয়া হবে ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন’ (ইভিএম)-এর মাধ্যমে। ভোট দেওয়ার সময় ভোটারদের ছবিসহ পরিচয়পত্র (ভোটার কার্ড) বা নির্বাচন কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলোর মধ্যে যেকোনো একটির মূল কপি অবশ্যই থাকতে হবে।
এ দিকে ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই নির্বাচন কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যাওয়া ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় দফার আগে সেই নামের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬৮। নাম বাদ পড়েছে ৬ জনের।
এ দফায় নির্বাচনি লড়াইয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট জোট, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টির মতো দলগুলো। যদিও বেশির ভাগ আসনেই মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে।
মঙ্গলবারই এই আসনগুলোর প্রচারণা পর্ব শেষ হয়েছে। গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ বিজেপির কেন্দ্রীয় নেতা, মন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেমন প্রচারে অংশ নিয়েছিলেন।
অন্য দিকে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কংগ্রেস সংসদ রাহুল গান্ধীরা নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নেন।
শেষ দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভবানীপুর), মন্ত্রী ও কলকাতার মেয়র ও ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), মন্ত্রী অরূপ বিশ্বাস (টালিগঞ্জ), মন্ত্রী শশী পাঁজাসহ অনেকে। অন্য দিকে প্রধান বিরোধীদল বিজেপির শুভেন্দু অধিকারী (ভবানীপুর) ছাড়াও বিশিষ্টদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), অভিনেত্রী রূপা গাঙ্গুলী (সোনারপুর দক্ষিণ), রুদ্রনীল ঘোষ (শ্যামপুর)-সহ অনেকে।
নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এর মধ্যে সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনা থাকছে ৫০৭ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি। প্রথম দফা ভোট হয় গত ২৩ এপ্রিল। ফল ঘোষণা হবে ৪ মে।