আরেকটি রোমাঞ্চের অপেক্ষায় বায়ার্ন-পিএসজি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

জার্মানির আলিয়াঞ্জ এরিনায় আজ দর্শকদের জন্য অপেক্ষা করছে এক মহাকাব্যিক ফুটবল ম্যাচ। যেখানে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল। শেষ চারের প্রথম লেগে গত সপ্তাহে রেকর্ড-ভাঙ্গা ম্যাচের গতিপথ পরিবর্তিত হয়েছে। ম্যাচে রক্ষণাত্মক তৎপরতা ছিল না কোনো দলেরই। উভয় দলের সমর্থকদের জন্য এক ম্যাচটি ছিল স্নায়ু-উত্তেজক। প্যারিসে ২-৫ গোলে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৪-৫ ব্যবধান নিয়ে ফিরেছিল ভিনসেন্ট কোম্পানির দল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতে লেগে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে হেভিওয়েট দুই দল বায়ার্ন ও পিএসজি।

পার্ক দে প্রিন্সেসে ইতিহাস বায়ার্নের পক্ষে ছিল না। আর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালে প্রথম লেগে ১০ বার পরাজয়ের পর দ্বিতীয় লেগে হেরে নয়বারই বিদায় নিতে হয়েছে বাভারিয়ানদের। শুধুমাত্র ১৯৮১-৮২ সালের ইউরোপীয় কাপে সিএসকেএ সোফিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা। এর মধ্যে ফিরতি লেগের আগে এ সপ্তাহের শুরুতে বুন্দেসলিগায় তলানিতে থাকা দল হেইডেনহেইমের সাথে ৩-৩ গোলে ড্র করে আত্মবিশ্বাসে আরো ঘাটতি পড়েছে। ২০২৫-২৬ মৌসুমে এর আগে তারা কখনো টানা দুই ম্যাচে জয়হীন থাকেনি।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী লুইস এনরিকের চোখে ৯ গোলের সেমিফাইনালের মানে এই নয় যে, উভয় দলই রক্ষণে দুর্বল ছিল। তবে প্রথম লেগে যেকোনো ব্যবধানে জয় সাধারণত প্যারিসিয়ানদের জন্য সাফল্য বয়ে আনে। ৪৩টি উয়েফা দুই লেগের মধ্যে প্রথম লেগে জয়ী হয়ে সব মিলে ৩৬টিতেই জিতেছে। তবে এ ম্যাচের আগে ঘরোয়া লিগে লোরিয়েন্টের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে পিএসজি। তবে অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যানে পিএসজি সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের। ইউরোপীয় চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলে শেষ ছয়টি ম্যাচের প্রতিটিতেই জিতেছে। আর শেষ পাঁচটি ম্যাচে কোনো গোল হজম করেনি। আজ পিএসজি যদি বায়ার্নকে গোলশূন্য রাখতে পারে, তবে তা হবে আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন।

নিজেদের মাঠে নতুন কোনো ইনজুরি নিয়ে দুশ্চিন্তা নেই বায়ার্নের। কোচ কোম্পানি আশাবাদী, কিশোর বিস্ময় লেনার্ট কার্ল উরুর পেশি ছিঁড়ে যাওয়ার আঘাত থেকে সময়মতো পুরোপুরি সেরে ওঠে খেলায় অংশ নিতে পারবেন। হেইডেনহেইমের বিপক্ষে বেঞ্চে থাকা ম্যানুয়েল ন্যূয়ার, দালোত উপামেকানো, আলফোনসো ডেভিস, জশুয়া কিমিখ, ওলিসে, লুইস দিয়াজ ও হ্যারি কেন সবাই দলে ফিরবেন। টানা সপ্তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার সামনে দাঁড়িয়ে ইংলিশ ফরোয়ার্ড। যিনি টানা ছয় ম্যাচে গোল করা প্রথম ইংলিশ খেলোয়াড়।

৯ গোলের জমকালো ম্যাচে পিএসজি একটি গুরুতর ফিটনেস ধাক্কা খেয়েছে। দুর্দান্ত ফুল-ব্যাক আশরাফ হাকিমি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। যার ফলে তাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তার জায়গা পূরণ করবেন ওয়ারেন জাইর-এমেরি। সফরকারীরা দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুকাস শেভালিয়েরকেও পাচ্ছে না। তবে পিএসজির হয়ে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নতুন রেকর্ড গড়তে কভারাৎসখেলিয়ার আর মাত্র একটি গোল প্রয়োজন। ২০১৩-১৪ মৌসুমের জ¬াতন ইব্রাহিমোভিচের ১০ গোলের রেকর্ডের সমকক্ষ হয়েছেন। সব মিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চকর লড়াইর জন্য প্রস্তুত বায়ার্ন মিউনিখ ও পিএসজি।