ভোজিনহার জন্য নিয়মই বদলালো চিলি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে চমক দেখিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। গ্লাভস হাতে দলটির বড় চমক ছিল গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ভোজিনহা। ফুটবলের মেগা আসরে চমক দেখানোর পর চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলো এক সপ্তাহ আগে ৪০ বছর বয়সী ভোজিনহাকে দলে নেয়ার ঘোষণা দেয়। তবে দেশটির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার জার্সিতে ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না। কেপ ভার্দের গোলরক্ষকের ডাক নাম ভোজিনহা হলেও আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস। অবশেষে ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এ নিয়মে পরিবর্তন এনেছে চিলির ফুটবল অ্যাসোসিয়েশন। অর্থাৎ ভোজিনহা চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিলে জার্সিতে নিজের ডাকনাম ব্যবহার করতে পারবেন।

ভোজিনহার জার্সিতে ডাকনাম ব্যবহারের অনুমতি দিতে চিলির শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিরা একজোট হয়ে আবেদন করেছিলেন। গত পরশু চিলির শীর্ষ ফুটবল লিগ প্রিমেরা ডিভিশন পরিচালনাকারী সংস্থা এএনএফপি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করে। তবে ভোজিনহাকে নিয়ে এখনই জটিলতা কাটছে না। কারণ, জার্সির বিষয়টির সমাধান হলেও চিলিতে ভোজিনহার পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার সান্তিয়াগোতে পৌঁছানোর কথা ছিল ভোজিনহার। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতায় তার যাত্রা পিছিয়ে গত বৃহস্পতিবার নির্ধারণ করা হলে সেদিনও তিনি বিমানে ওঠেননি। এতে ক্লাব ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে কোলো কোলোর পরিচালক হেইমে পিসারো জানিয়েছেন, ভোজিনহার সাথে চুক্তি বাতিল হয়নি। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘কয়েক মিনিট আগেও আমরা তার এজেন্টের সাথে কথা বলেছি। কিছু ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত সময় চেয়েছেন ভোজিনহা।’