বাকৃবিতে পুনর্মিলনীতে এসে হৃদরোগে ব্যাংকারের মৃত্যু
Printed Edition
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হয় গভীর শোকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী বাকৃবি ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিন ওই কর্মকর্তা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
আনুমানিক রাত ১১টার দিকে পুনর্মিলনী অনুষ্ঠানের গ্র্যান্ড ডিনার শেষে নিজ কক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গাড়িতে ওঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ সময় পর বন্ধুদের সাথে মিলিত হওয়ার আনন্দ তখনো সবার চোখে-মুখে। কিন্তু সেই আনন্দ আর ধরে রাখা গেল না। মুহূর্তেই শোকে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থল। এ ঘটনায় সহপাঠী, সহকর্মী ও কৃষিবিদ সমাজে নেমে এসেছে শোকের ছায়া।
পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক এবং বাকৃবির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জি এইচ এম সাগর বলেন, ‘আনন্দ হঠাৎই অশ্রুতে পরিণত হলো। আমাদের বন্ধু পুনর্মিলনীতে এসে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে- এটা কোনোভাবেই ভাবতে পারিনি। আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই ক্ষতির সান্ত¡না দেয়ার ভাষা আমাদের জানা নেই। আমাদের সব আয়োজন বাতিল, আজকের দিনটি আমরা শোকের মধ্যেই পালন করছি।’