দাঁড়িপাল্লার পে গণজাগরণ সৃষ্টি হয়েছে :গোলাম পরওয়ার
Printed Edition
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পে অভূতপূর্ব জনসমর্থন ও গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোরের আলো ফোটার পর থেকেই ধামালিয়া ইউনিয়নে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ ঘর থেকে বেরিয়ে দাঁড়িপাল্লার পে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। দীর্ঘদিন চেপে রাখা পানির মতোই জনতার এই জোয়ার এখন বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে।
গতকাল ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ শাসন করা তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি। প্রতিটি শাসনামলেই বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তপে, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা, রিমান্ড, ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে। অপর দিকে সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়ে গেছে।
তিনি বলেন, এই অন্যায় ও অবিচারের অবসান ঘটাতে আমরা দেশবাসীর সামনে ‘নতুন বাংলাদেশ’ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছি। যেখানে থাকবে দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, স্থিতিশীল রাজনীতি এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানার জন্য অনুকূল পরিবেশ। চরিত্র, নৈতিকতা ও সততার পরীায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে উত্তীর্ণ হয়েছে।
ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট ১০টি দল একত্র হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যারা অতীতে রাষ্ট্রমতায় থেকে ব্যর্থ হয়নি, বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি।
তিনি বলেন, জলাবদ্ধতা ডুমুরিয়া ও ফুলতলা অঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ। ভবথা, ডাকাতিয়া, সালাতিয়া, মধুগ্রাম, সাবাড়িয়া, ঘোষরা ও বাদুড়ি বিলসহ অসংখ্য বিলে বছরের পর বছর জলাবদ্ধতা রয়ে গেছে।
নির্বাচিত হলে এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি ও মস্তানিমুক্ত জনপদ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা হবে এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ডুমুরিয়া-ফুলতলাকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা হবে।
পরে তিনি নিজের জন্য নয়, বরং সারা দেশে ১০ দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন এবং নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সাথে থাকুন।