সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের ডিজিটাল মিশন
Printed Edition
দ্য স্ট্রেইট টাইমস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড। যৌথ প্রচেষ্টার মাধ্যমে এআইয়ের বাস্তব ও কার্যকর প্রয়োগে বিশ্বকে নেতৃত্ব দেয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং।
গতকাল সোমবার সিঙ্গাপুর-নিউজিল্যান্ড লিডারশিপ ফোরামে প্রধানমন্ত্রী ওং বলেন, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের মতো ছোট অর্থনীতির দেশগুলোর পক্ষে বৈশ্বিক বড় বড় এআই ফাউন্ডেশন মডেল তৈরি করা কঠিন হলেও সেগুলোর সঠিক ও কার্যকর ব্যবহারে নেতৃত্ব দেয়ার সুযোগ রয়েছে। তিনি জানান, উন্নত উৎপাদন ব্যবস্থা, অর্থায়ন, স্বাস্থ্যসেবা ও সরবরাহ ব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়াতে সিঙ্গাপুর ইতোমধ্যে একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষদ গঠন করেছে। সবুজ অর্থনীতি ও সাপ্লাই চেইন শক্তিশালী করতে দুই দেশ একযোগে কাজ করতে পারে। লরেন্স ওং নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো বৃহৎ আঞ্চলিক বাজারের দিকে নজর দেয়ার আহ্বান জানান এবং সিঙ্গাপুরকে এই অঞ্চলের কার্যক্রম সম্প্রসারণের কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দেন।
বিশ্বের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ওং বলেন, কোভিড-১৯ মহামারী এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সঙ্কটের মতো ঘটনাগুলো প্রমাণ করেছে যে, বৈশ্বিক অস্থিরতা এখন নিয়মিত বাস্তবতায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরো স্থিতিস্থাপক হতে হবে এবং বিশ্বস্ত অংশীদারদের সাথে কাজের পরিধি বাড়াতে হবে। দ্রুত এগিয়ে যাওয়া ও ঝুঁকি কমানোর জন্য পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আলোকেই এই উদ্যোগ নেয়া হয়েছে।