আজ বাংলাদেশের সেমির বাধা উজবেকরা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গতকাল অনুশীলনে দুই পিসি মাস্টার আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম পেনাল্টিতেই বেশি মনোযোগী ছিলেন। একটি করে জয় (তাইপেকে ৪-৩ গোলে) ও হারে (শ্রীলঙ্কার বিপক্ষে ২-৩ গোলে) খাদের কিনারে দাঁড়িয়ে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বের সেমিফাইনালে খেলতে হলে আজ উজবেকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তিনটি করে পয়েন্ট আছে উভয় দলের। শ্রীলঙ্কা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে উঠেছে। থাই বিমানবাহিনীর টার্ফে বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হবে বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচটি।

গতকাল কোচিং স্টাফরা খেলোয়াড়দের ফিটনেস, পাসিং এবং ফিনিশিংয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচ আশিকুজ্জামান। বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে গোল আদায়ের কৌশল নিয়েও আলাদা করে কাজ করা হয়েছে। জয়ের ব্যাপারে আত্মবিশ^াসী কোচ আশিকুজ্জামান, ‘২০২৩ সালে এই উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছিল ছেলেরা। আশা করি, এবারো তারা জিততে পারবে।’