পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়িতে সিঁদ কেটে প্রবেশ করে এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় মো: মাসুদ হাওলাদার (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি হেড টর্চ লাইট ও একটি শাবল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অঞ্জলি রানীর বাড়িতে সিঁদ কেটে কয়েকজন ঘরে প্রবেশ করে। এ সময় অঞ্জলি রানীকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ মো: মাসুদ হাওলাদারকে আটক করে। তিনি তেলিখালী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি হেড টর্চ লাইট ও একটি শাবল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাসুদ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়।