জামায়াতের বিবৃতি
রাশেদ প্রধানের বাসার সামনে ‘মব সৃষ্টি’র ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে পুলিশের উপস্থিতিতে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলা এবং পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রভাবে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতার জেলা পর্যায়ের অফিসে হামলা ও বাসার সামনে গতকাল সকালে একদল সন্ত্রাসীর ‘মব সৃষ্টি’ ও হামলার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি রাশেদ প্রধানের দলীয় কার্যালয় ও বাসায় হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তদন্তপূর্বক ঘটনা দু’টির সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি এবং রাশেদ প্রধানের বাসা, রাজনৈতিক কার্যালয় ও তার ব্যক্তিগত নিরাপত্তা দাবি করছি। আমি দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।