কংস নদে পাউবোর কর্মী নিখোঁজ
Printed Edition
ময়মনসিংহ অফিস ও ফুলপুর সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে কংস নদের পানির গভীরতা মাপতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মী নিখোঁজ হয়েছেন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা নিয়ে এলাকায় উদ্বেগ বাড়ছে।
নিখোঁজ ব্যক্তি আবদুল হালিম (৫৮), ওরফে রুপচান তালুকদার। তিনি পাউবোর মাস্টাররোলভিত্তিক ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৭টার দিকে ঠাকুরবাহাই এলাকায় নিজ বাড়ির পাশের কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে তীব্র স্রোতের মধ্যে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লুৎফুর রহমান জানান, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, তবুও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কর্মীদের নদীতে নামানো হয়, যা এ ধরনের দুর্ঘটনার কারণ।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে।