বিএনসিসির বার্ষিক ক্যাম্পিংয়ের কুচকাওয়াজ পরিদর্শনে সেনাবাহিনী প্রধান
Printed Edition
সাভারের বাইপাইলের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ গতকাল অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্রবাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার ও বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশে স্বাগত ভাষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সব সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি; বিএনসিসি অধিদফতরের মহাপরিচালক; সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা; বিএনসিসির অফিসার ও ক্যাডেটরা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।