যুক্তরাষ্ট্রের পর ভারতকে ইসরাইলের বন্ধু আখ্যা নেতানিয়াহুর
Printed Edition
দ্য হিন্দু
বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরাইলের আর কোনো শক্তিশালী মিত্র অবশিষ্ট নেই- আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরাইলের কিছুু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ।’
রোববার ‘ফক্স নিউজ সানডে ব্রিফিং’-এ সাক্ষাৎকার দেয়ার সময় নেতানিয়াহু ভারতের বিশাল জনসংখ্যার দিকে ইঙ্গিত করে রসাত্মকভাবে বলেন, ‘‘ইসরাইলের পাশে আরো অনেক দেশের সমর্থন রয়েছে, যার মধ্যে রয়েছে ভারত নামের একটি ‘ছোট দেশ’। আপনারা তো জানেনই, সেখানে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) মানুষ বাস করে, সেখানে আমাদের কী অভূতপূর্ব সমর্থন রয়েছে।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ভারতীয়দের কাছ থেকে উপচে পড়া সমর্থন পাচ্ছেন। গত মাসে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি ভ্যান্স বলেছিলেন যে, ইসরাইলের উচিত মার্কিন-ইরান শান্তি আলোচনাকে সম্মান জানানো। মার্কিন-ইরান চুক্তি নিয়ে ইসরাইলি নেতারা অসন্তুষ্ট এবং তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন- এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ভ্যান্স মন্তব্য করেছিলেন, তিনি যদি ইসরাইল সরকারের মন্ত্রিসভায় থাকতেন, তবে পুরো বিশ্বে তাদের অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রকে (যুক্তরাষ্ট্র) আক্রমণ করতেন না।
ভ্যান্সের এই দাবি উড়িয়ে দিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্বজুড়ে তাদের অনেক বন্ধু রয়েছে, যারা মূলত ইসরাইলের বিশ্বমানের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য মুখিয়ে থাকে। ইসরাইলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সাইবার ও এআই প্রযুক্তিতে ইসরাইল বিশ্বের এক বা দুই নম্বর দেশ এবং তাদের সামরিক ও প্রযুক্তিগত দক্ষতা অত্যন্ত উন্নত। তাই বাহ্যিকভাবে সম্পর্ক যেমনটা দেখায়, ভেতরে আসলে তা মোটেও তেমন নয়। অনেক দেশের নেতাই জনমতের চাপের কারণে প্রকাশ্যে দূরত্ব রাখলেও ব্যক্তিগতভাবে ফোন করে ইসরাইলি প্রযুক্তি ও সামরিক কৌশল শেখার জন্য চুক্তি করতে চান বলে তিনি দাবি করেন।
লেবাননে গির্জা ধ্বংসের পরও খ্রিষ্টানদের সুরক্ষাদাতা দাবি নেতানিয়াহুর
মিডেল ইস্ট আই জানায়, লেবাননের মাটিতে ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে একের পর এক চার্চ ও খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হলেও, দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের ‘রক্ষাকর্তা’ হিসেবে নিজেদের দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি লেবাননের খ্রিষ্টানরাই তাদের গ্রামগুলোকে ইসরাইলের মানচিত্রে যুক্ত করার আবেদন জানিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।