তিতাসে ব্রিজ নির্মাণকাজ বন্ধ, সীমাহীন জনদুর্ভোগ

Printed Edition
bangla-5
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান : নয়া দিগন্ত

শাহ্ আক্তারুজ্জামান তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়া জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ নির্মাণ কাজ গত দুই বছর ধরে বন্ধ রয়েছে। ফলে এলাকাবাসী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। দড়িকান্দি গ্রামের দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদীর উপরে ৫০ মিটার দৈর্ঘের নির্মাণাধীন ব্রিজটি কাজ বন্ধ থাকায় একদিকে মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে, অন্য দিকে নির্মাণসামগ্রী রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এ ছাড়া সংঘবদ্ধ বখাটেরা বিছিয়ে রাখা ‘রড’ রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, জেসিপি প্রকল্পের আওতায় ৫০ মিটার দৈর্ঘের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য ২০২২ সালে দরপত্র আহ্বান করা হয়। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৯০৪ টাকা। কাজটি পায় মাদারীপুরের গ্রীন এমকে (জেভি) ঠিকাদার কোম্পানি। সরকারি কার্যাদেশ অনুযায়ী নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের আগস্টে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের অভিযোগ প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শুরু না করায় কাজও শেষ করতে পারেনি।

জানা যায়, ব্রিজটির নির্মাণ কাজ ৬০ শতাংশ চলমান থাকা অবস্থায় প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এই অসমাপ্ত অবস্থায় ঠিকাদার কোম্পানি ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করে চলে যায়। এদিকে দড়িকান্দি গ্রামবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার দাবি তুলে আসছে, দুর্ভোগ লাগবে দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শেষ করার জন্য। দড়িকান্দি গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন মাস্টার, ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজন জানান, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকল্পের ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজ বন্ধ করে চলে যায়। এতে দড়িকান্দি গ্রামবাসী চরম দুর্ভোগ পড়ে। দড়িকান্দি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারও ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি।

এই শুকনো মৌসুমে যদি ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন করা না হয়, তাহলে বর্ষা মওসুমে অস্থায়ী কাঠের সেতু দিয়ে যাতায়াতে স্কুল পড়–য়া ছেলেমেয়েদের মারাত্মক ঝুঁকি বাড়বে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্ষা মওসুম শুরুর আগেই ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য স্থানীয় এমপি সেলিম ভূইয়ার হস্তক্ষেপ কামনা করেন দড়িকান্দি গ্রামবাসী।

তিতাস উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন, ব্রিজ নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ঠিকাদার কাজটি সম্পন্ন করতে পারেনি। আমরা নতুন করে ইষ্টিমেট দিয়েছি, অনুমোদন হয়েছে। এখন দরপত্র আহ্বান করা হলেই কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে কাজটির প্রক্রিয়া শুরু করতে পারব।