সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকারের আহ্বান
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সঙ্ঘটিত সবধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল শুক্রবার দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে সরকার এ আহ্বান জানায়।
এতে বলা হয়, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে সরকার দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। এতে আরো উল্লেখ করা হয়, ‘দেশের ইতিহাসের এ সঙ্কটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে এবং শান্তির পথ উপেক্ষা করে- এমন অল্প কয়েকজনের কারণে এ অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেয়া হবে না।”
বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক অনুশীলন নয়; এগুলো একটি গুরুতর জাতীয় অঙ্গীকার। এ অঙ্গীকার অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে সে স্বপ্নের সাথে, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি তার জীবন উৎসর্গ করেছেন। তার আত্মত্যাগ ও স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের প্রতি অবিচল থাকতে হবে।
গণমাধ্যমকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে। ‘আপনারা যে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। সন্ত্রাসের মুখেও আপনাদের সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্যের ওপর হামলা। আমরা আপনাদের পূর্ণ ন্যায়বিচারের আশ্বাস দিচ্ছি,’- বিবৃতিতে বলা হয়।
এ ছাড়া ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এ নৃশংস অপরাধের সাথে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে কঠোর বার্তা দেয়া হয়।
বিবৃতির শেষাংশে সরকার দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ সঙ্কটময় মুহূর্তে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার মাধ্যমেই দেশের অগ্রযাত্রা নিশ্চিত করা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।