যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও মহাসম্মেলন আয়োজনের পরিকল্পনা মুনার

আবু সাবেত, নিউ ইয়র্ক প্রতিনিধি
Printed Edition
back-3
যুক্তরাষ্ট্রে মুনা’র মহাসম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কর্মকর্তারা : নয়া দিগন্ত

আগামীতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও মুসলিম উম্মাহর মহাসম্মেলন করার চিন্তা করেছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) কর্মকর্তারা। ফিলাডেলফিয়ার প্রাণকেন্দ্র পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে একটানা হভশ বছর ধরে মুনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উপযুক্ত ভ্যেনু পাওয়া গেলে আগামীতে যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যে এ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। তিন দিনব্যাপী অষ্টম বার্ষিক মহাসম্মেলনে তৃতীয় দিন রোববার (১০ আগস্ট) সকালে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে বাংলা সংবাদমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় কালে মুনার জাতীয় সভাপতি ইমাম দেলুয়ার হুসাইন এসব কথা বলেন।

মার্কিন বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেসের এক প্রশ্নে তিনি বলেন, আমাদের প্রথম সম্মেলনটি হয়েছিল নিউ ইয়র্কে। এরপর থেকে টানা সাত বছর ধরে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। ফিলাডেলফিয়ায় সম্মেলন হওয়ায় পেনসিলভানিয়া ও পার্শ্ববর্তী ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ডেলাওয়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভারমন্ট, রোড আইল্যান্ডসহ অনেক রাজ্যের মানুষের গাড়ি চালিয়ে যাতায়াতের ব্যাপক সুবিধা রয়েছে। দূরের কোনো রাজ্যে এ সম্মেলন হলে অনেকেই যাওয়ার আগ্রহ হারাবে।

তিনি বলেন, পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারের মতো বৃহৎ পরিসরের কোনো ভেন্যু পাওয়া গেলে আগামীতে অন্য অঙ্গরাজ্যেও হতে পারে মুসলিম উম্মাহ মহাসম্মেলন। এ নিয়ে চিন্তাভাবনা চলছে, তবে কানাডায় সম্মেলন করার কোনো চিন্তা আপাতত নেই।

এ সময় মুসলিম উম্মাহ মহাসম্মেলনর আহ্বায়ক ও নির্বাহী পরিচালক আরমান চৌধুরী (সিপিএ), মুনার জাতীয় সাবেক সভাপতি হারুন অর রশিদ সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, রশিদ আহমেদ, এম নুরুজ্জামান, আব্দুল্লাহ আল আরিফ ও আমিনুর রসুল জামশেদসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।