ফুলপুরে জামিনে মুক্ত স্বতন্ত্র প্রার্থী সারোয়ার
Printed Edition
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। রোববার হাইকোর্টের আদেশে ময়মনসিংহ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।
একটি জিআর মামলায় আসামি হিসেবে গত ২১ ডিসেম্বর তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা হয়। প্রায় ৪০ দিন কারাভোগের পর মুক্ত হয়ে তিনি ফুলপুরের নিজ বাসভবনে ফেরেন।
মুক্তির পর পথে পথে কয়েকটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন শাহ শহীদ সারোয়ার। এ সময় তিনি সমর্থকদের ধন্যবাদ জানান এবং নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, শাহ শহীদ সারোয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়ায় তিনি দল থেকে বহিষ্কৃত হন।