নিউ ইয়র্কে মামদানিকে রুখতে জোট বাঁধছে সবাই
Printed Edition
নিউ ইয়র্ক সিটির মেয়র পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানির বিরুদ্ধে এখন ডান-বাম সব রাজনৈতিক মহল থেকে ক্রমবর্ধমান প্রতিরোধ গড়ে উঠছে। রিপাবলিকান, ডেমোক্র্যাট এবং স্বতন্ত্রতন্ত্র প্রার্থীরা একজোট হয়ে এই আত্মপরিচিত ‘গণতান্ত্রিক সমাজতান্ত্রিক’ প্রার্থীকে নির্বাচন থেকে ঠেকাতে উঠে পড়ে লেগেছে।
গত মাসের শেষ দিকে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ১২ পয়েন্টে হারিয়ে বিজয়ী হন। এই ফলাফল অনেক দাতাকে বিস্মিত করে তুলেছে, যারা এখন মামদানিকে হারানোর প্রচারণায় সক্রিয় হচ্ছে।
নিউ ইয়র্কের প্রভাবশালী মহল এখনো কোনো শক্তিশালী বিকল্প প্রার্থীর পেছনে ঐক্যবদ্ধ হয়নি, তবে নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, মামদানির বিরুদ্ধে সবদিক থেকেই চাপ বাড়ছে।
মিডিয়া ব্যক্তিত্ব বো ডিটল এবং নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে মামদানির বিরুদ্ধে এক কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এমনটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এই লোকটাকে আমরা কিভাবে থামাব? মামদানিকে উদ্দেশ করে বলেন ডিটল। কেউ-ই তার ব্যাপারে কিছু করছে না। সে সার্ভেতে প্রচুর মনোযোগ পাচ্ছে, অথচ অন্য প্রার্থীরা কোনো জোর দেখাচ্ছে না।
ডিটল ২০১৭ সাল থেকে স্বতন্ত্র, আর জুলিয়ানি দীর্ঘ দিনের রিপাবলিকান। জুলিয়ানি ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেয়র ছিলেন।
২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারির পর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের এক প্রশ্নের জবাবে জুলিয়ানি মামদানিকে ‘আমেরিকার শত্রু’ অভিহিত করে বলেন, ‘আমি মনে করি, এই লোক নিউ ইয়র্ক সিটিকে ধ্বংস করে দেবে। এটি শহরের জন্য এক দুর্যোগের সময়। সে যদি মেয়র হয়, শহরটা শেষ।
মামদানি যে কয়েকটি মূল সমাজতান্ত্রিক নীতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন, সেগুলোর মধ্যে রয়েছে, ভাড়া স্থগিত রাখা, ধনী ও শ্বেতাঙ্গ এলাকায় সম্পত্তির কর বাড়ানো, সরকার পরিচালিত গ্রোসারি চালু করা এবং শিশুদের জন্য বিনামূল্যে ডে-কেয়ার চালু করা। এই প্রস্তাবগুলো বহু বিলিয়নিয়ারকে উদ্বিগ্ন করে তুলেছে, যারা নিজেদের সম্পদের ওপর বাড়তি কর আরোপ ঠেকাতে চাইছেন।
হেজ ফান্ড ব্যবস্থাপক ও বিলিয়নিয়ার বিল অ্যাকম্যান, যিনি মেয়র পদের জন্য কুমো এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন, এবার বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে সমর্থন দিচ্ছেন। ৯.৫ বিলিয়ন ডলারের মালিক অ্যাকম্যান হুমকি দিয়েছেন যে মামদানির বিকল্প কোনো প্রার্থীর পেছনে ‘শত শত মিলিয়ন ডলার’ ব্যয় করবেন।
অ্যাকম্যান নিউ ইয়র্কার্স ফর অ্যা বেটার ফিউচার মেয়র ২৫ নামের একটি নতুন পলিটিক্যাল অ্যাকশন কমিটির সাথে অর্থায়ন নিয়ে আলোচনা করেছেন। কমিটি অন্তত দুই কোটি ডলার নিয়ে মামদানিবিরোধী প্রচারণা শুরু করছে।
আগে কুমোকে সমর্থন করলেও এখন অ্যাকম্যান তাকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে সবাই অ্যাডামসকে সমর্থন করতে পারে। কুমো ও অ্যাডামস উভয়েই ডেমোক্র্যাট হলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।
জেপি মরগ্যান চেজ-এর সিইও জেমি ডিমনও মামদানির প্রতি বিরক্তি গোপন করেননি। বৃহস্পতিবার তিনি ৩৩ বছর বয়সী এই রাজনীতিককে “সমাজতান্ত্রিক নয়, বরং মার্ক্সবাদী” বলে অভিহিত করেন এবং বলেন তার নীতিগুলো বাস্তব জগতে অর্থহীন আদর্শগত কথাবার্তা।’
তবে সব ধরনের চাপ ও বিরোধিতার মধ্যেও মামদানি নিউ ইয়র্কের প্রভাবশালী ডেমোক্র্যাটদের সমর্থন পেতে শুরু করেছেন। কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এস্পাইলাত, নিদিয়া ভেলাসকেজ, জেরোল্ড ন্যাডলার এবং আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ তাকে সমর্থন দিচ্ছেন।
অন্য দিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এবং সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এখনো এ বিষয়ে নীরব। জেফ্রিস আগামী সপ্তাহে মামদানির সাথে সাক্ষাৎ করবেন এবং নিউ ইয়র্ক সিটি নিয়ে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।