গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে বসবাসকারী শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে বারিধারা পার্ক রোড থেকে তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে গুলশান ২ নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে গেলে এর আগেই মারা গেছেন বলেন জানান চিকিৎসক। তিনি বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে তাকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতাল) আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে “আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)” উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া লাশের মুখে আঘাতের চিহ্নের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ ও ফোলাভাব লক্ষ করা গেছে। চোখের চারপাশেও রক্তজমাটের মতো চিহ্ন রয়েছে।
এ বিষয়ে গুলশান থানার এসআই আব্দুল আলীম বলেন, নিহত ভারতীয় নাগরিক। সকাল সাড়ে ৯টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি তার পরিবারের সাথে বারিধারা পার্ক রোড এলাকায় বসবাস করতেন। তবে কী কারণে মারা গেছে তা এখনো জানা যায়নি। আমরা শুনেছি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুরোটা এখনো জানি না। তবে এখনো পর্যন্ত তার পরিবার বা স্বজনদের থেকে কেউ এসে থানায় কোনো মামলা করেনি। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।