নেইমারের জোড়ার পরও জয়হীন সান্তোস

Printed Edition
khela-3
নেইমারের জোড়ার পরও জয়হীন সান্তোস

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর নিজের ক্লাব সান্তোসে ফিরে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সিরি ‘আ’র ম্যাচ শুরুর ৩৬ মিনিটে নিজের প্রথম গোলটি করার পর তিনি দর্শকদের সামনে তাস বাঁটার বা কার্ড ডিল করার মতো অঙ্গভঙ্গি করে উদযাপন করেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, এই উদযাপনের মাধ্যমে তিনি মূলত মাঠের বাইরের সমালোচকদের খোঁচা দিয়েছেন এবং নিজের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলাদের কটাক্ষ করেছেন।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে আসর ছিটকে পড়ার পর ক্লাবের হয়ে মাঠে নামেন নেইমার। দলকে জেতাতে না পারলেও করলেন জোড়া গোল। অবশ্য তার নৈপুণ্যেই লিগ টেবিলের তলানির দল শাপেকোয়েন্সের বিপক্ষে হার এড়াতে সক্ষম হয়েছে সান্তোস। বাংলাদেশ সময় গতকাল ভোরে শেষ হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে পাসিং ফুটবলে শাণানো দারুণ এক আক্রমণে ডি-বক্সে সতীর্থের সাথে বল দেয়া নেয়া করে জোরাল নিখুঁত শটে দলকে এগিয়ে নেন নেইমার। তবে এগিয়ে গিয়েও আধিপত্য ধরে রাখতে পারেনি সান্তোস। তাদের সাদামাটা পারফরম্যান্সের সুযোগে ৫১ ও ৬২ মিনিটের দুই গোলে এগিয়ে যায় শাপেকোয়েন্স। ৮৯ মিনিটে পেনাল্টিতে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান নেইমার।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের তাস বাঁটার বা কার্ড বিলির ভঙিতে করা উদযাপনটি মূলত তার সাম্প্রতিক ‘পোকার’ খেলা নিয়ে হওয়া বিতর্কের এক ধরনের কড়া জবাব এবং ব্যঙ্গ। সম্প্রতি সান্তোসের একটি ম্যাচের বাইরে দল যখন ভেনিজুয়েলায় ছিল, তখন নেইমারকে সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়। ক্লাব ও কোচ কুকা পরিষ্কার করে জানান, চোট থেকে ফেরার পর ফিটনেস প্রোগ্রামের অংশ হিসেবে তাকে ভ্রমণের ধকল থেকে বাঁচাতে সাও পাওলোতেই রাখা হয়েছিল। ওই দিন তার নির্ধারিত ছুটির দিন ছিল। তা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যম ও ভক্তদের একটি অংশের মাঝে তার পেশাদারিত্ব নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল।

শাপেকোয়েন্সের বিপক্ষে প্রথম গোলটি করার পর সেই সব সমালোচনার জবাবে ইঙ্গিতপূর্ণ উদযাপন করেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে বারবার বিবাদে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন তিনি। ফলে লিগে পরের ম্যাচে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা দল অ্যাথলেটিকো পারানায়েন্সের বিপক্ষে খেলতে পারবেন না বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। এই ড্র’র পরও অবনমন শঙ্কা আগের মতোই রয়ে গেছে সান্তোসের। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট ওপরে ১৪ নম্বরে আছে তারা।