ময়মনসিংহে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না

Printed Edition
back-4
ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা : নয়া দিগন্ত

ময়মনসিংহ অফিস

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসিক্যামেরা লাগানো হচ্ছে। পুলিশকে ২৫ হাজার ৭০০ বডি ক্যাম দিচ্ছি, ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। এরপরও এবার কেউ কোনো অনিয়ম করতে চাইলে সে ভাই বা বোন যাই হোক কোনো ছাড় পাবে না। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন নিয়ে এলেও সে ধরা খাবে।

গতকাল বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু অবৈধ অস্ত্র না, বৈধ অস্ত্রও বাইরে আছে, বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সবগুলো এখনো উদ্ধার হয়নি, তবে উদ্ধারের পরিমাণ বেড়েছে। আশা করি নির্বাচন শান্তিপূর্ণ হবে। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।

উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এই প্রস্তুতি জাতিকে একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। ঝিনাইগাতির ঘটনা খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এর জন্য যত ধরনের ব্যবস্থা নেয়া যায় আমরা নিচ্ছি। এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে। কোনো অঘটন ঘটিয়ে দুষ্কৃতকারীরা এলাকা থেকে দূরে চলে যায়। এজন্য একটু সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে। এবার সাংবাদিকদের পোলিং সেন্টারের ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। তাই সাংবাদিকদের জন্য কোনো সমস্যা হবে না।

সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে

বরিশাল ব্যুরো জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেছেন, জাতীয় নির্বাচনে আপনাদের নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করতে হবে। কোন দলের পক্ষে থেকে নির্বাচনের দায়িত্ব পালন এবং ওপর মহলের কোনো অবৈধ আদেশ মানা যাবে না। আপনারা রাষ্ট্রের কর্মচারী হয়ে কোনো রকম রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা কষ্টকর হয়ে পড়বে। নির্বাচনী দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনে গতকাল বরিশাল শিল্পকলা একাডেমিতে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, পাঁচ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি ১০ হাজার র‌্যাব, প্রায় পাঁচ হাজার কোস্টগার্ড ও ছয় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণের জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিনিয়ত নির্দেশনা দিতে হবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা যাতে বজায় থাকে সে ব্যাপারে নজর দিতে হবে। যেসব কর্মকর্তা ফ্যাসিস্ট আমলে দায়িত্ব পালন করেছিল এবং দলকানা ও বিতর্কিত তাদেরকে নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত করা যাবে না।

আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্ব হবে নির্বাচনের মূলশক্তি। কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সরকারি কর্মকর্তারা কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে রান্না করা খাবার গ্রহণ করতে পারবেন না। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সরকার আপনাদের যে টাকা দিচ্ছে, সে টাকা থেকেই খরচ বহন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো: জিয়াউল হক, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ ছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।