রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী
Printed Edition
রাজশাহী ব্যুরো
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী প্রফেসর ডা: মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় তার বাসায় যান মিনু। সাক্ষাৎকালে তারা একে-অপরকে মিষ্টিমুখ করান এবং ফুলেল শুভেচ্ছা জানান। সেই সাথে পরস্পরের খোঁজখবর নেন।
প্রফেসর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমরা সবাই একসাথে মিলেমিশে আছি এবং থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে, থাকবে। সরকারি দল বিরোধী দল মিলেই দেশের রাজনীতি। রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমার কথা যেগুলো ছিল, সেগুলোর সাথে মিনু ভাইয়ের কথার অনেক মিল আছে। আইনশৃঙ্খলা উন্নতি, রেশম ও গার্মেন্টকে আগানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। মেডিক্যাল সেক্টর ডেভেলপ হবে। শিশু হাসপাতাল চালু করতে হবে।
এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সবাই মিলে একসাথে রাজশাহী গড়ব। শান্তিপূর্ণ শহর হিসেবে থাকবে। সবাই শান্তশিষ্ট। আমরা একসাথে উন্নয়নকাজ করে যাব। আমাদের সহাবস্থান থাকবে। বিশ্বসেরা শহর হবে রাজশাহী।
সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মিনু। মিনুর হাতে ইসলামী বই উপহার তুলে দেন প্রফেসর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় বিএনপির বন পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলেটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন প্রফেসর ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।