বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে : দেলাওয়ার হোসেন
Printed Edition
ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি জনগণের ভোটে নয়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ক্ষমতায় এসেছে। গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেলাওয়ার বলেন, ‘বিএনপি কিভাবে ক্ষমতায় এসেছে তা সবাই জানে। তারা জনগণের ভোটে নয়, বিভিন্ন কৌশলে নির্বাচিত হয়েছে।’ তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকলেও সরকার এখন জনগণের রায় উপেক্ষা করছে।
তিনি আরো বলেন, ‘গণভোটে ৭১ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার সেই গণভোটের অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে, যা দেশবাসী মেনে নেবে না।’ সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্রবিরোধী কোনো পদক্ষেপ নিলে তা শুভ ফল বয়ে আনবে না।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা নেতারা। অনুষ্ঠানে সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।