অবৈধ বালু ও মাটি খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স : শাহজাহান চৌধুরীর
Printed Edition
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে সফরে এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। গতকাল সোমবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অভিযান শেষে শাহজাহান চৌধুরী বলেন, “লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে অহরহ অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা হচ্ছে। এখন থেকে এসব অনিয়মের বিরুদ্ধে আমি ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলাম। গত রাতেও প্রশাসন অভিযান চালিয়েছে এবং এই অভিযান নিয়মিত চলমান থাকবে।”
পরিচ্ছন্ন শহর গড়া প্রসঙ্গে তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; একটি বসবাসযোগ্য ও পরিবেশবান্ধব উপজেলা গড়তে নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। তিনি জানান, লোহাগাড়া উপজেলার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলবে এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে। যতক্ষণ পর্যন্ত বটতলী শহরের প্রতিটি অলিগলি পুরোপুরি পরিষ্কার না হবে, ততক্ষণ এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ দিন শাহজাহান চৌধুরী নেতাকর্মীদের সাথে নিয়ে সড়কের আবর্জনা অপসারণ এবং ড্রেন পরিষ্কার করার পাশাপাশি স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তদারকি করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণায় তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে লোহাগাড়া উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে।
সচেতন নাগরিকদের সাথে নিয়ে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন শাহজাহান চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।