পাবনা ও বগুড়ায় ৪ জন নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদী ও বগুড়ার শেরপুরে চারজন নিহত হয়েছেন।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও সাঁড়া ইউনিয়নের ঝাঁউদিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাকিব হোসেন (২২)। নিহতরা সম্পর্কে খালা ও ভাগ্নে।
প্রত্যক্ষদর্শী ও নিহত শিরিনার ছেলে প্রান্তর জানান, নাটোরের লালপুর থেকে দাওয়াত শেষে তার মা শিরিনা বেগম প্রান্তের খালাতো ভাইয়ের মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ঈশ্বরদী থেকে লালপুরের দিকে যাওয়া একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শিরিনা ও শাকিল মারাত্মক আহত হয়। পরে স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিসে খবর দিলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিট তাদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অরিন নামের যাত্রীবাহী কোচের ধাক্কায় রাফিউল হাসান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের রেজাউর করিমের ছেলে। অপর দিকে ভোরে মহাসড়ক থেকে আব্দুর রশিদ (৩৫) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদে জুমার নামাজের পর শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। মিছিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় একটি বাস রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এর আগে, শুক্রবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন। নিহত আব্দুর রশিদ (৩৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তিনি কিভাবে মারা গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।