প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সাথে প্রধান উপদেষ্টার ফোনালাপ
Printed Edition
বাসস
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে হামলার ঘটনায় পত্রিকা দু’টির সম্পাদকের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাক্সিক্ষত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দু’টি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে বিরাট বাধা সৃষ্টি করেছে।
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ড. ইউনূস।
শিগগিরই এই দুই সম্পাদকের সাথে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি
বাসস জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা বিধানেও বিজিবি প্রশংসনীয় ভূমিকা রাখছে।
প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা ও পুশইন রোধসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৫ উদযাপন’ উপলক্ষে দেয়া বাণীতে গতকাল শুক্রবার এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকারী।
তিনি আরও জানান, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জনের খেতাবপ্রাপ্তি এবং ৮১৭ শহীদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে।
মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে এ বাহিনীর যে সব সদস্য বিভিন্ন সময়ে আত্মোৎসর্গ করেছেন তাদের রূহের শান্তি কামনা করেন তিনি।
ড. ইউনূস বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।