কোটচাঁদপুরে বাদাম বিক্রেতার বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
Printed Edition
কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের এক হতদরিদ্র বাদাম বিক্রেতা। শনিবার সকালে কোটচাঁদপুর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে পৌর এলাকার রুদ্রপুর গ্রামের মমিন আলী এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মমিন আলী জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে তার বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনায় স্থানীয় কালু নামের এক ব্যক্তির জরিমানা করেন সাবেক কাউন্সিলর খোকন মিয়া। সে থেকে কালু ও তার সহযোগীরা মমিনকে গ্রামছাড়া করার এবং পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছিলেন। গত ২৩ সেপ্টেম্বর থানায় অভিযোগ এবং পরে জিডিও করেছিলেন মমিন, কিন্তু আসামিরা আরো বেপরোয়া হয়ে ওঠে। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় কালু ও তার সাথিরা মমিনের বাড়িতে হানা দেয়। প্রাণভয়ে মমিন ও তার পরিবার বাড়ি থেকে দৌড়ে পালালে দুর্বৃত্তরা ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। মমিন আলী আক্ষেপ করে বলেন, আদালতে মামলা করার পরও আসামিরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।