বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে এ ভোট পয়লা বৈশাখের আগেই

ঈদের পর সংরক্ষিত নারী আসনের ভোট

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও স্থগিত থাকা শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিল বা পয়লা বৈশাখের আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আর ঈদের পরই সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করা হবে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ দিকে শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো: নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এখন সেখানে পুনঃতফসিল দিয়ে ভোট গ্রহণ করা হবে।

সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, এই নির্বাচনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কমিশন সেই সময়ের মধ্যেই তা সম্পন্ন করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ দু’টি আসনে বিজয়ী হন। বিধি অনুযায়ী তিনি একটি আসন ছেড়ে দেন। আর তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ায় ওই আসনে এখন উপনির্বাচন।