ভিনিসিয়াসকে দলে টানতে চাচ্ছে আর্সেনাল

Printed Edition
khela-2
ভিনিসিয়াসকে দলে টানতে চাচ্ছে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এখন পর্যন্ত ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল ও ১০০টি অ্যাসিস্ট করেছেন। ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলে ২২টি গোল করেন ভিনিসিয়াস। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির সাথে ব্রাজিলিয়ান উইঙ্গারের চুক্তির মেয়াদ শেষের আর বাকি ১২ মাস। তার সাথে চুক্তি নবায়নের আলোচনায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষই। ফলে মাদ্রিদের ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী ভিনিসিয়াসকে নতুন মৌসুমের জন্য আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে রিয়ালের সাথে চুক্তি পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে লন্ডনের ক্লাবটি।

এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে হারানোর ঝুঁকি থাকবে। সে কারণে প্রয়োজনে তাকে বিক্রির বিষয়টিও বিবেচনায় আনতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের। তবে ক্লাবের অবস্থান পরিষ্কার- তারা ভিনিসিয়াসকে ধরে রাখতে চায় এবং নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সি গায়ে শেষ হওয়া বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়াস। ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের জার্সি গায়েও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়াস। সব প্রতিযোগিতা মিলে ২২ গোল করেন তিনি। তবে দলগত সাফল্য আসেনি। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপাহীন থাকতে হয় রিয়াল মাদ্রিদকে।

ভিনিসিয়াসকে নিয়ে এই মুহূর্তে আর্সেনালের আগ্রহ প্রাথমিক পর্যায়ে থাকলেও চুক্তি-জট দ্রুত না কাটলে পরিস্থিতি বদলে যেতে পারে। সে ক্ষেত্রে লন্ডনের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আক্রমণভাগ শক্তিশালী করার জন্য একাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে অন্যতম। এই আগ্রহটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি চুক্তিতে পরিণত হবে কি না- তা এখনো নিশ্চিত নয়।