সিলেটের সড়কে তিন মাসে নিহত ৮৩

Printed Edition

এম জে এইচ জামিল সিলেট ব্যুরো

চলতি বছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৩ জন। জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু মার্চেই ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ৪৪ জন। এর মধ্যে ঈদযাত্রাকালীন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। গত শনিবার (৪ এপ্রিল) রাতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে সিলেট বিভাগে মোট ৮০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৮৩ জন নিহত এবং ১২৭ জন আহত হয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত হন। সুনামগঞ্জে ১৭টি দুর্ঘটনায় নিহত ১৫ জন, আহত ৩২ জন। মৌলভীবাজারে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত হন। হবিগঞ্জে ১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন, আহত হন ৪২ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহীরা। তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি ও লেগুনা সংশ্লিষ্ট ১৬টি দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১টি দুর্ঘটনায় ২১ জন পথচারী নিহত হন।

মার্চ মাসের পৃথক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক বা আরোহী। মাসটিতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে সুনামগঞ্জে।

জেলাভিত্তিক মার্চের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হন। সুনামগঞ্জে ছয়টি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। মৌলভীবাজারে সাতটি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ছয়জন আহত হন। হবিগঞ্জে ছয়টি দুর্ঘটনায় আটজন নিহত ও ১২ জন আহত হন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, বিভিন্ন অনলাইন পোর্টাল, দু’টি জাতীয় দৈনিক, অপ্রকাশিত বা অনুমেয় দুর্ঘটনার তথ্য এবং নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।