ইঞ্জিন সঙ্কটে এক বছর ধরে বন্ধ ময়মনসিংহের ৪টি ট্রেন
Printed Edition
ময়মনসিংহ অফিস
ইঞ্জিন সঙ্কটের কারণে ময়মনসিংহ রেলওয়ের চারটি গুরুত্বপূর্ণ লোকাল ও এক্সপ্রেস ট্রেন এক বছর ধরে বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বন্ধ থাকা ট্রেনগুলো হলো’ ভৈরব লোকাল, দেওয়ানগঞ্জ লোকাল, মোহনগঞ্জ লোকাল ও ধলেশ্বরী এক্সপ্রেস। দীর্ঘ দিন এসব ট্রেন চলাচল বন্ধ থাকায় সংশ্লিষ্ট রুটের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে এক মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে ময়মনসিংহ-জারিয়া লোকাল ট্রেন পুনরায় চালু করা হয়েছে। এতে ওই রুটের যাত্রীরা সাময়িক স্বস্তি পেলেও বাকি চারটি ট্রেন চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ইঞ্জিন সঙ্কট ও কারিগরি সমস্যার কারণেই ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
লোকাল ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করছেন। এতে যাতায়াত ব্যয় বেড়েছে, সময় অপচয় হচ্ছে এবং সড়কে যানজটের চাপও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
যাত্রীরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানালেও কবে নাগাদ বাকি চারটি ট্রেন পুনরায় চালু হবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।