কুলিয়ারচরে ক্রীড়া প্রতিযোগিতা কৃষকদের সহায়তা

Printed Edition

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনের পাশাপাশি বন্যাকবলিত কৃষক ও দুস্থদের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্রীড়া সামগ্রী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ঢেউটিন ও শুকনো খাবার, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা এবং জিআর চাল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, থানার ওসি কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো: আলী জিন্নাহসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।