দায়িত্ব পেলে বাসযোগ্য ঢাকা গড়ে তুলব : সেলিম উদ্দিন
রাজধানীতে পানিবন্দী মানুষের পাশে জামায়াত নেতারা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
অতিবৃষ্টির কারণে পানিবন্দী রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকা পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মহানগরী দক্ষিণ : ঢাকার জলাবদ্ধতা নিরসনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের নেতৃত্বে ম্যানহোল পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। রাজধানীর শ্যামপুরে ৫১ নম্বর ওয়ার্ডে ম্যানহোলের ঢাকনা খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন জামায়াতের কর্মীরা। এ ছাড়া ৫১ নম্বর ওয়ার্ডে পানিবন্দী মানুষের চলাচলের জন্য ভ্যান দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়।
জলবদ্ধতা নিরসনে ঢাকা-৪-এর জামায়াত দলীয় এমপি জয়নুল আবেদীনের নির্দেশনায় সকাল ৯টা থেকে ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ শামসুল হুদা পলাশ সরাসরি মাঠে নামেন। এলাকার বিভিন্ন পয়েন্টে জমে থাকা পানি ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সমস্যা তিনি নিজে পানিতে নেমে ঘুরে দেখেন। জলাবদ্ধতা দ্রুত নিরসনে এবং পানি নিষ্কাশন প্রক্রিয়া জোরদার করতে তিনি সরাসরি ওয়াসার মোটর ও বাইপাস লাইনের কার্যক্রম চালু করার বিষয়টি পরিদর্শন করেন।
পাঁচ বছর দায়িত্ব পেলে নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলবে জামায়াত-সেলিম উদ্দিন : রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে তৃণমূল থেকে বৃহৎ সামাজিক শক্তি গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য জনগণ জামায়াতকে দায়িত্ব দিলে ঢাকায় ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
গতকাল রাজধানীর মিরপুরের রূপনগর সড়ক সংলগ্ন জামায়াতে ইসলামীর মিরপুর উত্তর থানা কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে ঢাকা আজ শব্দদূষণ, বায়ুদূষণ ও জলাবদ্ধতার মতো দীর্ঘ দিনের সমস্যায় জর্জরিত। একই সাথে নগরবাসী, বিশেষ করে নারী ও পুরুষ উভয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্বাধীনতার প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজধানীর এসব মৌলিক সমস্যার টেকসই সমাধান হয়নি। তিনি বলেন, এসব সঙ্কট নিরসনে সৎ, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করা গেলে নগরজীবনে স্বস্তি ফিরে আসবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মিরপুর জোনের পরিচালক মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মিরপুর-৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুনীরুল ইসলাম মৃধাসহ দলীয় নেতারা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।