বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে হার্ভার্ড, ক্যামব্রিজ ও এমআইটির আদলে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞান সৃষ্টির মাধ্যমে আগামী দিনের বিশ্ব নেতৃত্বে বাংলাদেশের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই সরকার ‘রিভার্স ব্রেন ড্রেন’ বাস্তবায়নে কাজ করছে।
শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই দিন প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, অল্প সময়ের মধ্যেই গাকৃবি দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং-২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সাথে এসডিজি-১ সূচকে বিশ্বের ৮২তম, এসডিজি-২-এ ৬৬তম এবং এসডিজি-৪-এ ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে ভিসি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, গাকৃবির প্রোভিসি প্রফেসর ড. মো: জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।